**শিকড়হীন**
ড. মোঃ শফিকুল ইসলাম
মানুষের জন্ম-জন্মান্তরের বন্ধন
যুগযুগ ধরে শিকড়কে করে আপন,
তবু অস্বীকার করে
চকচকে সভ্যতার রক্তে মিশে
ভুলেছে আপন ভুবন।
অবাক! আজ এক আধুনিকতায়
সে বন্ধন ছিন্ন হতে হতে
দাঁড়িয়ে আছে আরেক
আধুনিকতায়!
দেশ হতে দেশহীন,
গ্রাম হতে গ্রামহীন,
রক্ত হতে রক্তের সম্পর্কহীন,
শিকড় হতে শিকড়হীন—
হয়েই যেন মানুষের
এক এক আধুনিকতার নামে
নতুন প্রতিযোগিতার আধুনিকতা!
উৎসব-পর্ব, ধর্মীয়-রাষ্ট্রীয়,
সামাজিক বন্ধন কিংবা
শিকড়ের আয়োজন—
আজ আর মানুষকে টানে না,
টানে না শিকড়ের আকর্ষণ।
যে মাটি—মানুষ—প্রকৃতি—রক্ত
তোমার বেড়ে ওঠার
শক্তি যুগিয়েছে,
সে মাটির আয়োজন
তোমার নির্লিপ্ততা
তুমি ছিন্ন করে ছুটে চলো
কোনো এক অজানার পানে—
ধিক্ ধিক্ সে সব শিকড়হীন,
শিকড়বিমুখ সম্পর্কহীন
আধুনিকতার পোশাকীদের!
কবি: সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা